ফ্রি অ্যাপ ইমো কীভাবে কোটি কোটি টাকা আয় করে? | The Dark Reality of IMO App: Is It Safe?

বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে, সন্ধ্যায় উঠানে বসে আছেন বয়স্ক একজন মা। তার হাতে একটি স্মার্টফোন। একটু পর পর স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। কারণ সারাদিনের কাজের পর ঠিক এই সময়টায় তার ছেলের কল করার কথা। হঠাৎ খুব পরিচিত রিংটোনটা বেজে ওঠে। আপনার কি মনে পড়ছে রিংটোনটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটি ইমোর সেই চিরচেনা রিংটোন। একটু খেয়াল করলেই দেখবেন, আমাদের দেশের যে পরিবারগুলোর কেউ না কেউ বিদেশে থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদের ফোনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের চেয়ে ইমো অনেক বেশি আপন। কিন্তু কেন? দুনিয়াতে এত এত বিখ্যাত আর দামি অ্যাপ থাকতে এই অ্যাপটা কীভাবে আমাদের প্রবাসীদের জীবনের এত বড় একটা অংশ হয়ে ওঠে? জানব সেই গল্পটাই। যেটা শুধু একটা অ্যাপের গল্প নয়, বরং হাজার হাজার মাইল দূরে থাকা মানুষদের খুব কাছাকাছি নিয়ে আসার কথামালা।

শুভেচ্ছা সবাইকে। অনেকেরই ধারণা ইমো সম্ভবত দেশি অ্যাপ, অথবা সস্তা কোনো চাইনিজ অ্যাপ। কিন্তু ইমো’র জন্ম আসলে আমেরিকার সিলিকন ভ্যালিতে। গুগল-এর শুরুর দিককার কর্মী জর্জ হারিক এই অ্যাপ বানান। জর্জ ও তার ভাই রালফ হারিকের ইচ্ছা ছিল – তারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যা দিয়ে খুব সহজে যোগাযোগ করা যাবে। তাদের সেই ইচ্ছার বাস্তবায়ন করতে গিয়েই পেজবাইট ইনকর্পোরেটেড নামের একটি কোম্পানির হাত ধরে ইমোর যাত্রা শুরু হয়।

২০০৫ থেকে ২০০৭ সালের দিকে যখন ইমোর প্রাথমিক কাজ শুরু হয়, তখন এটি কোনো মোবাইল অ্যাপ ছিল না, ছিল একটি ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম। তাদের অভিনব আইডিয়াটি ছিল বাজারে থাকা ইয়াহু (Yahoo), এমএসএন (MSN), এওএল (AOL), স্কাইপ বা গুগল টকের মতো সব মেসেঞ্জারকে এক ওয়েবসাইটে নিয়ে আসা। এই দুর্দান্ত আইডিয়ার কারণে তারা সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের নজর কাড়তে সক্ষম হয় এবং চার্লস রিভার ভেঞ্চারস-এর মতো নামিদামি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১৩ মিলিয়ন ডলারের প্রাথমিক ফান্ডিং বা বিনিয়োগ তুলে নেয়। টেকক্রাঞ্চ-এর মতো নামিদামি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের রিপো‍র্টে দেখা যায়, শুরুতে ইমো কিন্তু শুধু একটা মেসেজিং অ্যাপ হিসেবে আসেনি। বাজারে তখন স্কাইপ, গুগল টক বা ইয়াহু মেসেঞ্জারের মতো অনেকগুলো আলাদা আলাদা চ্যাট প্ল্যাটফর্মের রাজত্ব। ইমোর প্রথম কাজ সবগুলো প্ল্যাটফর্মকে এক ছাতার নিচে নিয়ে আসা এবং সাধারণ মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থাকে  একদম পানির মতো সহজ করে দেয়া।

কিন্তু ২০১৩-২০১৪ সালের দিকে এসে ইমো বড় একটা ধাক্কা খায়। হোয়াটসঅ্যাপ, স্কাইপ বা গুগলের মতো থার্ড-পার্টি মেসেজিং প্ল্যাটফর্মগুলো তাদের এপিআই (API) এক্সেস বন্ধ করে দেয়। ফলে ইমোর আগের মডেলটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। কিন্তু হারিক ভাইয়েরা হাল ছাড়েনি। সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে, মানুষের আসলে দরকার খুব সহজ কলিং ব্যবস্থা। আর ঠিক এই চিন্তা থেকেই অন্যের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল না থেকে ইমো নিজেদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে। বর্তমানে আমরা যে ইমো ব্যবহার করছি, তা আসলে সে সময়েরই সৃষ্টি।

এখন প্রশ্ন, ইমো কেন এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে? বিশেষ করে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মতো দেশগুলোতেই কেন এর জনপ্রিয়তা বেশি? বিষয়টির উত্তর লুকিয়ে আছে আমাদের ইন্টারনেট স্পিডের মধ্যে। বেশ কয়েক বছর আগেও আমাদের দেশে ফোর-জি বা ফাইভ-জি তো দূরের কথা, থ্রি-জি ইন্টারনেট পাওয়াই অনেক কষ্টের ব্যাপার। গ্রামে তো টু-জি নেটওয়ার্ক নিয়েই সন্তুষ্ট থাকতে হতো সবাইকে। আর এখানেই কাজ করেছে ‘ইমো ম্যাজিক’। ইমো এমনভাবে তৈরি করা হয়, যাতে এটি খুব দুর্বল ইন্টারনেটেও চমৎকার কাজ করে। প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ওয়্যারড-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইমো ডাটা কম্প্রেশন নামের একটি দারুণ প্রযুক্তি ব্যবহার করে। ব্যাপারটা যদি একটু সহজ করে বলি, ধরুন আপনি একটা বড় সাইজের ছবি পাঠাবেন। ইমো সেই ছবিটার মান খুব বেশি নষ্ট না করেই এর সাইজ একদম ছোট করে ফেলে। অর্থাৎ আপনার ইন্টারনেট খুব ধীরগতির হলেও ছবিটা বা কলটা সহজেই অন্য প্রান্তে পৌঁছে যায়। যখন অন্য অ্যাপগুলোতে কথা বলতে গেলে কথা আটকে আটকে যায়, বা ভিডিও কলের চেহারা রোবটের মতো হয়ে যায়, তখন ইমোতে পরিষ্কার কথা বলা যায়। আর এই একটা মাত্র কারণেই সাধারণ মানুষের কাছে ইমো একটা আস্থার নাম হয়ে দাঁড়ায়।

আরেকটা কারণও অবশ্য আছে। আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ নির্ভর করে রেমিট্যান্সের ওপর। সৌদি আরব, দুবাই, কাতার বা ওমানের মতো দেশগুলোতে আমাদের লাখ লাখ ভাইবোন কাজ করেন। তাদের জীবনের একটা বড় অংশ কাটে প্রচণ্ড কষ্টে, পরিবার ছেড়ে দূরে থাকার বেদনায়। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর তারা যখন দেশে কথা বলতে চান, তখন একটা বড় বাধা হয়ে দাঁড়ায় ওই সব দেশের নিয়মকানুন। আরব নিউজ বা গালফ নিউজ-এর মতো পত্রিকাগুলোর খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অনেক দেশে হোয়াটসঅ্যাপ, স্কাইপ বা মেসেঞ্জারের মতো অ্যাপগুলোতে ভয়েস কিংবা ভিডিও কল করা যায়না। কারণ, সেখানকার সরকার এবং টেলিকম কোম্পানিগুলো চায় মানুষ সরাসরি টাকা দিয়ে কল করুক, যাকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপি ব্লক বলা হয়। আর এই অবস্থায় প্রবাসীরা দেশে থাকা প্রিয়জনদের মুখ দেখবে কীভাবে? ঠিক এই অভাবটা পূরণ করে ইমো। ইমোর সার্ভার এবং প্রযুক্তিগত কাঠামো এমনভাবে সাজানো, যা অনেক সময় এই ব্লকগুলোর মধ্যেও কাজ চালিয়ে নিতে পারে। কোনো দামি ভিপিএন বা অন্য কোনো জটিল সেটিংস ছাড়াই প্রবাসীরা সরাসরি দেশে কল করতে পারেন। গ্রামে যার স্মার্টফোন সম্পর্কে কোনো ধারণাই নেই, সেও শুধু একটা সবুজ বোতাম টিপে সৌদি আরবে থাকা ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে পারে। ইমো এভাবেই একটা প্রযুক্তিগত সমাধান থেকে আমাদের বাঙালি জীবনের অবিচ্ছেদ্য আবেগীয় বন্ধনে পরিণত হয়।

বিশ্বজুড়ে ইমোর মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২০ কোটিরও বেশি এবং গুগল প্লে-স্টোর থেকে এটি ১০০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে! তবে এই বিশাল সাফল্যের পেছনে ঘটে গেছে বিশাল এক ব্যবসায়িক হাতবদল। ২০১৮-১৯ সালের দিকে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘বিগো টেকনোলজি’ ইমোকে কিনে নেয়। এর মূল মালিকানা চীনা টেক জায়ান্ট ‘জয়ি ইনকর্পোরেটেডের’ হাতে। বর্তমানে ইমোর আলাদা মার্কেট ভ্যালু কেউ প্রকাশ করে না। তবে মূল কোম্পানি জয়ির বার্ষিক রেভিনিউ কয়েক বিলিয়ন ডলারের ঘরে। এই বিশাল আয়ের একটা বড় অংশ আসে ইমোর ইউজার বেসকে দেখানো বিজ্ঞাপন আর নানা প্রিমিয়াম সার্ভিস থেকে।

শুধু ভিডিও কলই নয়, ইমোতে আরও বেশ কিছু সুবিধা আছে যা মানুষকে ধরে রাখে। আপনারা হয়তো অনেকেই ইমো আউট নামের ফিচারটির কথা জানেন। ধরুন, আপনি এমন একজনকে কল করতে চান যার ফোনে ইন্টারনেট নেই, বা হয়তো স্মার্টফোনই নেই। একটা সাধারণ বাটন ফোনে কীভাবে কল করবেন? ইমো আউট ব্যবহার করে খুব অল্প খরচে সরাসরি যেকোনো মোবাইল নম্বরে কল করা যায়। এটি সাধারণ ফোন কলের চেয়ে অনেক সস্তা। ফিন্যান্সিয়াল টাইমস-এর একটি রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের যেসব দেশের মানুষের আয় তুলনামূলকভাবে কম, সেখানে এই ধরনের সুবিধাগুলো রীতিমতো বিপ্লব এনে দেয়। মানুষ টাকা বাঁচাতে চায়, আর ইমো ঠিক সেই সুযোগটাই করে দেয়। এর পাশাপাশি ইমোতে এখন বিভিন্ন গ্রুপ এবং অডিও চ্যাট রুমের মতো সুবিধা দেখা যায়। অনেক প্রবাসী কাজের ফাঁকে এসব চ্যাট রুমে যুক্ত হয়ে নিজেদের মতো করে গল্প করেন, গান শোনেন বা সুখ-দুঃখের কথা শেয়ার করেন। যেন বিদেশের মাটিতে বসেও তারা এক টুকরো বাংলাদেশ বা একটা ছোট চায়ের আড্ডা তৈরি করে নেন নিজেদের ফোনের স্ক্রিনে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো অ্যাপগুলোও কিন্তু বসে নেই। তারাও তাদের লাইট ভার্সন বের করে এই কম গতির ইন্টারনেটের বাজার ধরার অনেক চেষ্টা করে। কিন্তু ইমো ততদিনে মানুষের মনে এমন একটা জায়গা করে নেয়, যা খুব সহজে সরানো সম্ভব হয় না।

প্রতিটি মুদ্রারই তো দুটি পিঠ থাকে। এত ভালো দিক থাকার পরও ইমো নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই। আপনি যদি ইমো ব্যবহার করেন, প্রচুর বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চয়ই খেয়াল করেছেন। একটা কল কাটার পরপরই স্ক্রিন জুড়ে বিশাল এক বিজ্ঞাপন। মাঝেমাঝে তো এমন সব বিজ্ঞাপন আসে, যা রীতিমতো লজ্জায় ফেলে দেয়। বিজ্ঞাপনের যন্ত্রণায় অনেক ব্যবহারকারীর কাছে ইমো এখন বিরক্তিকর অ্যাপে পরিণত হয়েছে। মূলত চীনা কোম্পানির হাতে যাওয়ার পর থেকেই ইমো তাদের বিজনেস মডেল হিসেবে এই এগ্রেসিভ অ্যাডভার্টাইজিং বা অতিরিক্ত বিজ্ঞাপনের পথ বেছে নেয়। এটাই তাদের আয়ের মূল উৎস।

সেই সাথে নিরাপত্তা বা প্রাইভেসির প্রশ্ন তো থেকেই যায়। টেক রাডার বা সিগন্যাল-এর মতো সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মগুলো মেসেজিং অ্যাপগুলোর নিরাপত্তা নিয়ে গবেষণা করে। তাদের অনেক রিপোর্টে দেখা যায়, হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল অ্যাপের মতো ইমোতে ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নেই। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যাপারটা হলো আপনি বন্ধুকে একটা গোপন চিঠি পাঠাচ্ছেন। চিঠিটা একটা বাক্সে ভরে তালা মেরে দিলেন। তালার চাবি শুধু আপনার আর আপনার বন্ধুর কাছে আছে। মাঝপথে কেউ যদি বাক্সটা চুরিও করে, সে চিঠিটা পড়তে পারবে না। মেসেজিং অ্যাপের ক্ষেত্রে এই তালা মারা বাক্সটাই হলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। ইমোতে এই সুবিধাটি পুরোপুরি সব জায়গায় কাজ করে না। তাই অনেক আইটি বিশেষজ্ঞের ধারণা, ইমোতে পাঠানো মেসেজ বা ছবি খুব একটা নিরাপদ নয়। এছাড়া ইমো হ্যাক হওয়ার বা স্প্যাম মেসেজ আসার ঘটনাও আমাদের দেশে খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মাঝে মাঝেই দেখা যায় পরিচিত কারও নম্বর থেকে মেসেজ আসে যে, তার খুব বিপদ, এক্ষুনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা পাঠাতে হবে। সরল মনে অনেকেই এই ফাঁদে পা দেন এবং প্রতারণার শিকার হন। তাই সাইবার বিশেষজ্ঞরা সবসময় ইমো ব্যবহারের ক্ষেত্রে টু-স্টেপ ভেরিফিকেশন নামের নিরাপত্তা ব্যবস্থাটি চালু রাখার পরামর্শ দেন।

এখন একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতেই পারে। এত অভিযোগ, এত বিজ্ঞাপন, আর এত নিরাপত্তা ঝুঁকির পরও মানুষ কেন ইমো ছাড়ে না? এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের অভ্যাসের মধ্যে। মানুষ সাধারণত খুব সহজে নিজের পুরনো অভ্যাস বদলাতে চায় না। যে বয়স্ক বাবা তার প্রবাসে থাকা মেয়ের সাথে কথা বলার জন্য একবার ইমোর সবুজ বাটনটা চিনে ফেলেন, তাকে নতুন করে অন্য অ্যাপের ব্যবহার শেখানো বেশ কঠিন। তাছাড়া সবার সার্কেল বা পরিচিত জনেরা যেহেতু ইমোতেই থাকে, তাই চাইলেও হুট করে অন্য প্ল্যাটফর্মে যাওয়াও যায় না। তবে সময় পাল্টে যাচ্ছে। এখন গ্রামে-গঞ্জেও ভালো স্পিডের ইন্টারনেট থাকে। মানুষের হাতে হাতে এখন অনেক উন্নত মানের স্মার্টফোন। ফলে অনেকেই ধীরে ধীরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রামের দিকে ঝুঁকে পড়ছেন। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের গল্প জানতে দেখে আসতে পারেন এই ভিডিও দুটি।

ইমো বিশ্বের প্রথম দিককার মেসেজিং অ্যাপগুলোর একটি, যারা ‘ওয়েব আরটিসি’ (WebRTC) প্রযুক্তি ব্যবহার করে একদম দুর্বল নেটওয়ার্কেও ভিডিও কলিং সম্ভব করেছিল। এমনকি করোনা মহামারীর সময় বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে যখন ইন্টারনেট ট্রাফিক প্রচণ্ড বেড়ে যায় এবং অন্যান্য অনেক সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল, তখন ইমোই কোনো রকম ক্র্যাশ ছাড়া নিরবচ্ছিন্ন সেবা দিয়েছিল, যা সেসময় টেক দুনিয়ায় রীতিমতো আলোচনার জন্ম দেয়।

পরিসংখ্যান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্ট্যাটিস্টা’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বেই মেসেজিং অ্যাপগুলোর মধ্যে এখন এক বিশাল প্রতিযোগিতা চলে। কে কাকে পেছনে ফেলে কত নতুন সুবিধা দিতে পারে, তার একটা অঘোষিত লড়াই সব সময় চলতে থাকে। ইমোও এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে। তারা এখন উন্নত মানের ভয়েস এবং ভিডিও কলের সুবিধা যোগ করেছে। ইন্টারফেসটাকেও আগের চেয়ে বেশ গোছানো। চেষ্টা শুধু একটাই, মানুষ যেন বিরক্ত হয়ে অ্যাপটি ডিলিট না করে।

তাহলে সব মিলিয়ে ইমোর গল্পটা আসলে কী দাঁড়ায়? এটি কি শুধু একটা প্রযুক্তিগত সাফল্যের গল্প? নাকি মানুষের আবেগের সাথে প্রযুক্তির মিশে যাওয়ার গল্প? একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, ইমো আমাদের সমাজের একটা নির্দিষ্ট সময়ের প্রতিনিধি। একটা যুগ পার হয় যখন প্রবাসীদের পাঠানো চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এরপর আসে ক্যাসেট রেকর্ড করে পাঠানোর যুগ। তারপর মোবাইল ফোন, আর সবশেষে এই ভিডিও কলের সুবিধা। প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করে দেয়, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই ছোট একটি অ্যাপ। ঈদের দিন সকালে নতুন জামা পরে যখন কোনো প্রবাসী ভিডিও কল করেন, তখন তার ব্যাকগ্রাউন্ডে হয়তো থাকে মরুভূমির তপ্ত হাওয়া বা কোনো কনস্ট্রাকশন সাইট। কিন্তু ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তার মায়ের হাসি, সন্তানের আধো আধো কথা বা স্ত্রীর মায়াবী মুখ। ওই একটা মুহূর্তের জন্য হলেও ইমো হাজার মাইলের দূরত্বকে শূন্য করে দেয়। ইন্টারনেটের স্পিড কম থাকুক, স্ক্রিনটা একটু ঘোলাটে হোক বা বিরক্তিকর বিজ্ঞাপন আসুক, ওই হাসিমুখটার কাছে এসব কিছুই আসে যায় না।

প্রযুক্তির এই যুগে প্রতিদিন নতুন নতুন অ্যাপ আসে, পুরনো অ্যাপ হারিয়ে যায়। হয়তো সামনে আরও অনেক উন্নত কোনো প্রযুক্তি আমাদের হাতে চলে আসবে। কিন্তু বাংলাদেশের লাখ লাখ প্রবাসী পরিবার এবং সাধারণ মানুষের যোগাযোগের ইতিহাসে ইমোর নামটা একটা বিশেষ জায়গায় থেকে যাবে। কারণ এটি শুধু ডেটা বা মেগাবাইট দিয়ে চলে না, এটি চলে মানুষের আবেগ, ভালোবাসা আর অপেক্ষার শক্তির ওপর ভিত্তি করে। আপনার বা আপনার পরিবারের কারও জীবনে ইমো নিয়ে এমন কোনো বিশেষ স্মৃতি কি আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে বা নিজের মনে ভেবে দেখতে পারেন। কারণ প্রযুক্তির চেয়েও আমাদের জীবনের এই ছোট ছোট গল্পগুলোই অনেক বেশি সুন্দর আর সত্যি।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

তথ্যসূত্র:

গুগল প্লে স্টোর: ইমো (১০০ কোটির বেশি ডাউনলোড ও অ্যাপের বর্তমান ডেটা) লিংক: https://play.google.com/store/apps/details?id=com.imo.android.imoim

স্ট্যাটিস্টা (Statista): বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর গ্লোবাল স্ট্যাটিসটিক্স লিংক: https://www.statista.com/statistics/258749/most-popular-global-mobile-messenger-apps/

জয়ি ইনকর্পোরেটেড (JOYY Inc.): বিগো টেকনোলজি এবং ইমো’র আর্থিক ও রেভিনিউ রিপোর্ট লিংক: https://ir.joyy.com/financial-information/quarterly-results

সিগন্যাল (Signal): এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রোটোকল স্পেসিফিকেশন (যা ইমোতে ডিফল্ট নেই বলে স্ক্রিপ্টে উল্লেখ করা হয়েছে) লিংক: https://signal.org/docs/

Imo

In a remote village in Bangladesh, an elderly mother is sitting in her courtyard in the evening. She has a smartphone in her hand. Every now and then, she looks at the screen. Because after a full day of work, this is exactly the time when her son is supposed to call. Suddenly, a very familiar ringtone starts ringing. Does that ringtone sound familiar to you? Yes, you guessed it right. This is imo’s unmistakable ringtone. If you pay a little attention, you will notice that in families across our country where one or more members live abroad, especially in the Middle East, imo feels much more familiar than WhatsApp or Messenger. But why? With so many famous and expensive apps in the world, how did this app become such a big part of the lives of our expatriates? Today, we will explore that story. It is not just the story of an app, but a tale of bringing people living thousands of miles apart closer together.

Greetings, everyone. Many people believe that imo is probably a local app or some cheap Chinese app. But imo actually originated in Silicon Valley, America. George Harik, an early employee of Google, created this app. George and his brother, Ralph Harik, wanted to create a platform that would make communication very easy. In their attempt to turn this vision into reality, imo began its journey through a company called PageBites Inc.

When imo’s initial development began around 2005 to 2007, it was not a mobile app but a web-based platform. Their innovative idea was to bring all the existing messengers, such as Yahoo, MSN, AOL, Skype, and Google Talk, together on a single website. This brilliant idea caught the attention of Silicon Valley investors, and they secured approximately 13 million dollars in initial funding from prominent investors such as Charles River Ventures. Reports from renowned technology websites like TechCrunch show that, in the beginning, imo did not emerge solely as a messaging app. At that time, separate chat platforms such as Skype, Google Talk, and Yahoo Messenger dominated the market. imo’s initial goal was to bring all these platforms under one roof and make communication as easy as possible for ordinary people.

But around 2013–2014, imo faced a major setback. Third-party messaging platforms such as WhatsApp, Skype, and Google shut down its API access. As a result, imo’s previous model became completely ineffective. But the Harik brothers did not give up. Over time, they realized that what people really needed was a simple calling system. And with this very idea in mind, imo built its own powerful network instead of depending on other networks. The imo we use today is essentially the product of that period.

Now the question is, why did imo become so popular so quickly? And why is it particularly popular in countries like Bangladesh, India, and Pakistan? The answer lies in our internet speed. Until a few years ago, forget about 4G or 5G, even getting 3G internet in our country was quite difficult. In villages, people had to be satisfied with just 2G networks. And this is where the “imo magic” worked. imo was designed in such a way that it works remarkably well even with very weak internet connections. According to a report by the technology magazine Wired, imo uses a remarkable technology called data compression. To explain it simply, imagine that you want to send a large-sized image. imo reduces the size of that image without significantly compromising its quality. In other words, even if your internet connection is very slow, the image or call can easily reach the other end. When conversations get interrupted on other apps or people’s faces look robotic during video calls, imo allows you to speak clearly. And this single reason alone made imo a trusted name among ordinary people.

There is another reason, of course. A huge part of our economy depends on remittances. Hundreds of thousands of our brothers and sisters work in countries like Saudi Arabia, Dubai, Qatar, and Oman. A significant part of their lives is spent enduring tremendous hardship and the pain of staying away from their families. When they want to talk to their families back home after a hard day’s work, the rules and regulations of those countries become a major obstacle. According to reports from newspapers like Arab News and Gulf News, voice or video calls through apps such as WhatsApp, Skype, and Messenger are unavailable in many Middle Eastern countries. This is because the governments and telecommunications companies there want people to pay directly for calls, a practice associated with blocking Voice over Internet Protocol, or VoIP. In such circumstances, how can expatriates see the faces of their loved ones back home? imo fills this very gap. imo’s servers and technological infrastructure are designed in such a way that they can often continue operating even under these blocks. Without any expensive VPN or complicated settings, expatriates can call home directly. Even someone in a village who knows nothing about smartphones can simply press a green button and talk to their son in Saudi Arabia through a video call. In this way, imo has transformed from a technological solution into an inseparable emotional bond in the lives of Bengalis.

imo has more than 200 million monthly active users worldwide, and it has been downloaded more than one billion times from the Google Play Store! However, behind this massive success, there was a major business ownership change. Around 2018–2019, the Singapore-based company Bigo Technology acquired imo. Its ultimate ownership lies with the Chinese tech giant JOYY Inc. Currently, imo’s standalone market value is not publicly disclosed. However, its parent company, JOYY, generates annual revenue in the billions of dollars. A significant portion of this huge revenue comes from advertisements shown to imo’s user base and various premium services.

Besides video calls, imo offers several other features that keep people using the app. Many of you may already know about a feature called imo Out. Suppose you want to call someone whose phone has no internet connection or perhaps who does not even have a smartphone. How would you call them on a regular feature phone? Using imo Out, you can call almost any mobile number directly at a very low cost. It is much cheaper than regular phone calls. An analysis of a Financial Times report suggests that such features bring about a real revolution in countries where people’s incomes are relatively low. People want to save money, and imo provides exactly that opportunity. In addition, imo now offers features such as groups and audio chat rooms. Many expatriates join these chat rooms during breaks from work to chat, listen to music, or share their joys and sorrows. It is as if they create a little piece of Bangladesh or a small tea-stall gathering on their phone screens, even while sitting on foreign soil. Meanwhile, apps like WhatsApp and Messenger are not standing still either. They have also launched their lite versions and made considerable efforts to capture the low-speed internet market. But by then, imo had already secured such a place in people’s hearts that it was not easy to replace.

Every coin has two sides. Despite all its advantages, there is no shortage of complaints about imo. If you use imo, you have surely noticed the huge number of advertisements. Immediately after ending a call, a massive advertisement appears across the screen. Sometimes, advertisements appear that can be downright embarrassing. Because of the annoyance caused by these ads, imo has now become an irritating app for many users. Essentially, after coming under the ownership of a Chinese company, imo chose aggressive advertising, or excessive advertisements, as its business model. This is its primary source of revenue.

Along with that, questions about security and privacy remain. Cybersecurity platforms such as TechRadar and Signal conduct research on the security of messaging apps. Many of their reports indicate that imo does not have default or automatic end-to-end encryption like WhatsApp or Signal. End-to-end encryption is like sending a secret letter to a friend. You put the letter inside a box and lock it. Only you and your friend have the key. Even if someone steals the box along the way, they will not be able to read the letter. In messaging apps, this locked box is what we call end-to-end encryption. On imo, this feature does not work fully across all areas. Therefore, many IT experts believe that messages or images sent through imo are not particularly secure. Moreover, incidents of imo accounts being hacked or receiving spam messages have become quite common in our country. From time to time, people receive messages from familiar numbers claiming that the sender is in serious trouble and needs some money sent immediately through mobile banking. Many people fall into this trap out of trust and become victims of fraud. That is why cybersecurity experts always recommend keeping the security feature called two-step verification enabled when using imo.

Now, a natural question may come to mind. Despite so many complaints, so many advertisements, and so many security risks, why do people not abandon imo? The answer lies in human habits. People generally do not want to change their old habits easily. An elderly father who has learned to recognize imo’s green button to talk to his daughter living abroad will find it quite difficult to learn how to use another app from scratch. Besides, since everyone in their social circle or among their acquaintances uses imo, they cannot suddenly switch to another platform even if they want to. However, times are changing. These days, even villages and rural areas have access to high-speed internet. People now have much more advanced smartphones in their hands. As a result, many are gradually turning toward WhatsApp, Messenger, or Telegram. To learn about the stories of WhatsApp and Telegram, you can watch these two videos.

imo was one of the early messaging apps in the world to use WebRTC technology to make video calling possible even on extremely weak networks. During the COVID-19 pandemic, when internet traffic increased tremendously in Bangladesh and many Middle Eastern countries and many other servers were going down, imo provided uninterrupted service without any crashes, which generated considerable discussion in the tech world at the time.

According to the statistics-based research firm Statista, there is now enormous competition among messaging apps worldwide. An unspoken battle is constantly underway over which app can surpass the others by offering more new features. imo is also continuously introducing new updates to its app to survive this competition. It has now added improved voice and video calling features. Its interface is also much more organized than before. The goal is just one: to ensure that people do not get annoyed and delete the app.

So, what does the story of imo ultimately tell us? Is it merely a story of technological success? Or is it a story of technology becoming intertwined with human emotions? If we think about it more deeply, we can see that imo represents a particular period in our society. There was a time when people had to wait for months to receive letters sent by expatriates. Then came the era of recording and sending cassette tapes. After that came mobile phones, and finally, the convenience of video calls. This small app is one of the greatest examples of how much technology can simplify our lives. On the morning of Eid, when an expatriate makes a video call wearing new clothes, the background may feature the scorching winds of a desert or a construction site. But on the phone screen appears their mother’s smile, their child’s babyish words, or their wife’s loving face. For that one moment, imo reduces the distance of thousands of miles to zero. Whether the internet speed is slow, the screen is a little blurry, or annoying advertisements appear, none of these things matter when compared with that smiling face.

In this age of technology, new apps appear every day, while old apps disappear. Perhaps even more advanced technology will be available to us in the future. But in the history of communication among millions of expatriate families and ordinary people in Bangladesh, imo’s name will retain a special place. Because it does not run on data or megabytes alone; it runs on the strength of human emotions, love, and longing. Do you or anyone in your family have any special memories involving imo? If so, you can share them in the comments or simply take a moment to reflect on them. Because these little stories from our lives are much more beautiful and real than technology itself.

Thank you, everyone. Stay healthy and stay well.

Resource:

Published By

Himu

2