একটা ফুটবল ম্যাচ দেখছেন। বল যাচ্ছে এক পা থেকে আরেক পায়ে, ক্যামেরা প্যান করছে পুরো স্টেডিয়াম জুড়ে। আপনার চোখ থাকে বলের দিকে, খেলোয়াড়ের দিকে। কিন্তু স্টেডিয়ামের বোর্ডে, জার্সিতে, স্ক্রিনের কোণায় একটা নাম বারবার ভেসে উঠছে, কেউ কি খেয়াল করেছেন? নামটা হলো আরামকো। এটা কিন্তু কোনো স্পোর্টস ব্র্যান্ড না, এমনকি কোনো ফুড বা ড্রিংক্স ব্র্যান্ডও নয়, এটা স্রেফ একটা জ্বালানী তেল কোম্পানি। আর এই তেল কোম্পানিটাই ২০২৬ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ফর্মুলা ওয়ান, গলফ, ক্রিকেট সব জায়গায় ঢুকে পড়ছে। প্রশ্ন হলো, একটা তেল কোম্পানি কেন হঠাৎ খেলাধুলার পেছনে এত টাকা বিনিয়োগ করছে? আপনাদের কাছে মনে হচ্ছে নিশ্চয়ই প্রচারের জন্য, তাই না? ব্যাপারটা কিন্তু এতো সহজ না। চলুন, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি।
আমরা কমবেশি সবাই জানি, সৌদি আরবের মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় তেলের ভাণ্ডার। ওপেকের (OPEC) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন অনুযায়ী, এই মরুভূমির নিচে আরামকোর নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ২৫৯ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেলের বিশাল মজুদ। শুধু তাই নয়, পুরো পৃথিবীর প্রতিদিনের মোট জ্বালানি চাহিদার প্রায় ১০ থেকে ১২ শতাংশ একা এই কোম্পানিটিই সরবরাহ করে থাকে।
১৯৩৮ সালে দাম্মামের একটা কূপ থেকে প্রথম তেল বের হয়ে আসে, আর সেখান থেকেই শুরু হয় আরামকোর যাত্রা। প্রথমে এটা আমেরিকান কোম্পানির হাতে থাকলেও, সময়ের সাথে সাথে সৌদি সরকার একটু একটু করে মালিকানা নিজেদের হাতে নিয়ে নেয়। আশির দশকে পুরোপুরি রাষ্ট্রায়ত্ত হয়ে যায় কোম্পানিটা। আজকের দিনে আরামকো পৃথিবীর সবচেয়ে লাভজনক কোম্পানিগুলোর একটা। প্রতি বছর হাজার কোটি ডলার টার্নওভার। ২০১৯ সালে যখন কোম্পানির অল্প কিছু শেয়ার মার্কেটে ছাড়া হয়, তখন এটা এক সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে দামী তালিকাভুক্ত কোম্পানি হয়ে যায়। তবে মালিকানার সিংহভাগ এখনও সৌদি রাষ্ট্রের হাতে। সহজ কথায়, আরামকো মানেই সৌদি রাষ্ট্র, আর সৌদি রাষ্ট্র মানেই আরামকো।
ওপেকের (OPEC) তথ্য অনুযায়ী, আরামকোর নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ২৫৯ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেলের বিশাল মজুদ, যা দিয়ে তারা প্রতিদিন প্রায় ১ কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে। তাদের এই বিশাল নিষ্কাশন ও সরবরাহ প্রক্রিয়া আধুনিক পাইপলাইন এবং সমুদ্রগামী ট্যাংকার নেটওয়ার্কের মাধ্যমে সুচারুভাবে পরিচালিত হয়। রয়টার্স ও ব্লুমবার্গের বাজার বিশ্লেষণ জানাচ্ছে, আরামকোর উৎপাদিত তেলের বড় অংশই যায় চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দ্রুত বর্ধনশীল এশিয়ার বাজারগুলোতে। ফরচুন গ্লোবাল এবং আন্তর্জাতিক আর্থিক সমীক্ষা বলছে, বছরের ব্যবধানে এদের নিট মুনাফাই থাকে প্রায় ১২০ থেকে ১৬০ বিলিয়ন ডলার। বোঝার সুবিধার্থে বলা যায়, অংকটা অ্যাপল বা গুগলের মোট রেভিনিউয়ের চেয়েও অনেক বেশি।
আর এই বিশাল জ্বালানি সাম্রাজ্যের সাথে কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা গভীর অর্থনৈতিক সংযোগ আছে। মধ্যপ্রাচ্যে কর্মরত আমাদের প্রায় ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির একটা বড় অংশই সৌদির এই তেল ও জ্বালানি খাতের প্রত্যক্ষ বা পরোক্ষ সাপ্লাই চেইনে কাজ করছেন। আরামকোর মতো মেগা প্রজেক্টগুলোর কর্মসংস্থান থেকে প্রতি বছর যে বিপুল পরিমাণ রেমিটেন্স প্রবাসীরা দেশে পাঠান, তা আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে আরামকোর এই ব্যবসায়িক প্রবৃদ্ধি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের জন্যও অত্যন্ত ইতিবাচক।
এখন প্রশ্ন হলো, এমন একটি জ্বালানি জায়ান্টের সাথে খেলাধুলার সম্পর্ক কী? এর উত্তর খুঁজতে গেলেই বিশ্লেষকদের সামনে আসে বৈশ্বিক ‘স্পোর্টসওয়াশিং’ বা কৌশলগত ব্র্যান্ডিংয়ের বিষয়টি। যখন কোনো দেশ বা বড় কোম্পানি তাদের বিতর্কিত ইমেজ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কিংবা রাজনৈতিক সমালোচনা থেকে বিশ্ববাসীর নজর ঘুরিয়ে দিতে বড় বড় খেলার ইভেন্ট বা টুর্নামেন্টে বিলিয়ন বিলিয়ন টাকা ঢালে, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একে ‘স্পোর্টসওয়াশিং’ বলা হয়। আর মানবাধিকার সংগঠনগুলোর মতে, সৌদি আরব বর্তমানে এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ।
তবে বিষয়টা বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যাকে সংক্ষেপে এমবিএস বলা হয়, ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। তার হাত ধরেই আসে “ভিশন ২০৩০” নামের এক বিশাল পরিকল্পনা। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো, সৌদি অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা থেকে বের করে আনা, আর দেশটাকে বিনোদন, পর্যটন আর ব্যবসার একটা বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আর এই পরিকল্পনার একটা বড় অংশজুড়ে আছে খেলাধুলা। কারণ খেলাধুলার একটা অদ্ভূত ক্ষমতা আছে, এটা সহজেই মানুষের মন জয় করতে পারে, রাজনীতি বা অর্থনীতির চেয়ে অনেক দ্রুত।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৌদি আরব তাদের বিশাল রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF এর মাধ্যমে একের পর এক খেলার জগতে প্রবেশ করতে থাকে। ২০২১ সালে তারা ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ‘নিউক্যাসল ইউনাইটেড’ কিনে নেয়, নিজেদের দেশে আয়োজন করে ‘ফর্মুলা ওয়ান’ রেসিং এবং ২০২২ সালের শেষে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনে পুরো বিশ্বের নজর আটকে দেয় সৌদি প্রো লিগের দিকে। শুধু ফুটবল নয়, গলফের জগতেও বিশাল অঙ্কের চুক্তির অফার দিয়ে তারা বিশ্বের বাঘা বাঘা সব খেলোয়াড়কে নিজেদের টুর্নামেন্টে টেনে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে আরামকো ফর্মুলা ওয়ানের সাথে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের ১০ বছর মেয়াদি স্পনসরশিপ চুক্তি করে বসে। এরপর তারা যুক্ত হয় আইসিসি (ICC) ক্রিকেটের সাথেও, যার মূল টার্গেট ভারতসহ দক্ষিণ এশিয়ার বিশাল বাজার ধরা। তবে সবচেয়ে বড় ধামাকাটা তারা দেয় ২০২৪ সালে, যখন ফিফা ঘোষণা করে আরামকো তাদের গ্লোবাল পার্টনার হতে যাচ্ছে। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ আর ২০২৭ সালের নারী বিশ্বকাপের জন্য ৪ বছরের এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার! বিবিসির রিপোর্ট বলছে, জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে খেলাধুলায় এককভাবে সবচেয়ে বড় ইনভেস্টর হলো এই আরামকো, যারা এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি খরচ করেছে।
তবে টাকার অঙ্কের চেয়েও এর পেছনের প্রাতিষ্ঠানিক সমীকরণটা বেশি আকর্ষণীয়। আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান একই সাথে সৌদি গলফ, রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) এবং নিউক্যাসল ইউনাইটেড ক্লাবেরও সরাসরি প্রধান! এটি মূলত একটি দীর্ঘমেয়াদি বিজনেস গেমপ্ল্যান, যাতে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি রূপান্তরের এই যুগেও সৌদি আরব নিজেদের বৈশ্বিক আধিপত্য ও ব্র্যান্ড প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে এবং বিশ্বকাপের মঞ্চে বিশ্বনেতা ও বিলিয়নেয়ারদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা যায়। অবশ্য, এই বিশাল রূপান্তরের পেছনে বিশ্বজুড়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। বিশ্বের অনেক নারী ফুটবলার একজোট হয়ে ফিফাকে চিঠি দিয়ে এই স্পনসরশিপ নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনগুলোও বলছে, একদিকে তীব্র গরমে মাঠে খেলোয়াড়দের যে কষ্ট বা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, তার জন্য এই জীবাশ্ম জ্বালানি অনেকাংশে দায়ী, অথচ ফিফা তাদের কাছ থেকেই টাকা নিচ্ছে।
তবে মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু আমাদের দেখতে হবে। এই বৈশ্বিক পার্টনারশিপ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নানা মতভেদ বা বিতর্কই থাকুক না কেন, ফিফার দিক থেকে হিসাবটা খুব সোজা। বিশ্বকাপ এখন আগের চেয়ে অনেক বড় হচ্ছে। দল বাড়ছে, ম্যাচ বাড়ছে। এত বিশাল আয়োজনের জন্য তো কাঁড়ি কাঁড়ি টাকা দরকার! আর সেই টাকার জোগান দিচ্ছে আরামকোর মতো বড় বড় স্পনসররা। সহজ কথায়, ফিফার প্রয়োজন টুর্নামেন্ট পরিচালনার বিশাল বাজেট, আর আরামকোর লক্ষ্য খেলাধুলার মাধ্যমে নিজেদের বৈশ্বিক ইমেজ আরও প্রগতিশীল ও আধুনিক করা। বাণিজ্যিক দিক থেকে এটি উভয় পক্ষের জন্যই একটি উইন-উইন পরিস্থিতি। তবে এই বিপুল পুঁজির প্রবেশ ক্রীড়াজগতের মূল নীতি ও নান্দনিকতাকে দীর্ঘমেয়াদে কোথায় নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। তাই, এর পরের বার যখন আপনি টিভিতে কোনো ম্যাচ দেখতে বসবেন এবং মাঠের চারপাশে এই কোম্পানির নামটা চোখে পড়বে, তখন হয়তো আপনার মনেও এক নতুন চিন্তার উদ্রেক ঘটবে। এটি কেবল মাঠের ২২ জন খেলোয়াড়ের লড়াই নয়, বরং এর পেছনে জড়িয়ে আছে হাজার মাইল দূরের কোনো তেলের খনি থেকে শুরু হওয়া বিশ্বরাজনীতি, কূটনীতি ও অর্থনীতির এক সুনিপুণ ও আকর্ষণীয় মহাকাব্য।
ধন্যবাদ সবাইকে।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
Aramco’s Reign from the Oil Business to the Sports Field
You are watching a football match. The ball is moving from one foot to another, and the camera is panning across the entire stadium. Your eyes are on the ball, on the players. But a name keeps popping up repeatedly on the stadium boards, jerseys, and the corner of the screen—has anyone noticed? The name is Aramco. This is not a sports brand, nor is it even a food or drink brand; it is simply a fossil fuel oil company. And this very oil company is making its way everywhere, from the 2026 World Cup to Formula One, golf, and cricket. The question is, why is an oil company suddenly investing so much money in sports? It probably seems to you that it is just for publicity, right? The matter, however, is not that simple. Let’s try to understand the whole situation.
We almost all know that one of the world’s largest oil reserves is hidden beneath the soil of Saudi Arabia. According to the latest statistical bulletin from OPEC, a massive proven oil reserve of about 259 billion barrels is under Aramco’s control beneath this desert. Not only that, this company alone supplies about 10 to 12 percent of the entire world’s daily energy demand.
Aramco’s journey began in 1938 when oil first flowed from a well in Dammam. Initially, it was in the hands of an American company, but over time, the Saudi government gradually took ownership into its own hands. In the eighties, the company became fully state-owned. Today, Aramco is one of the most profitable companies in the world, with a turnover of billions of dollars every year. In 2019, when a small portion of the company’s shares were released into the market, it briefly became the most valuable listed company in the world. However, the lion’s share of ownership still rests with the Saudi state. Simply put, Aramco means the Saudi state, and the Saudi state means Aramco.
According to OPEC data, Aramco controls a vast proven oil reserve of about 259 billion barrels, from which they extract more than 10 million barrels of crude oil every day. Their massive extraction and supply process is smoothly managed through a modern network of pipelines and ocean-going tankers. Market analyses from Reuters and Bloomberg indicate that the major portion of Aramco’s produced oil goes to rapidly growing Asian markets like China, India, Japan, and South Korea. Fortune Global and international financial surveys show that their annual net profit hovers around 120 to 160 billion dollars. To make it easier to grasp, this figure is much higher than the total revenue of Apple or Google.
And there is a deep economic connection between our Bangladesh and this vast energy empire. A large portion of the more than 3 million expatriate Bangladeshis working in the Middle East are directly or indirectly employed in the supply chain of Saudi Arabia’s oil and energy sector. The huge amount of remittance that expatriates send back home every year from employment in mega projects like Aramco is one of the main driving forces of our national economy. Consequently, this business growth of Aramco is highly positive for Bangladesh’s remittance flow as well.
Now the question is, what is the relationship between such an energy giant and sports? To find the answer, analysts immediately encounter the concept of global ‘sportswashing’ or strategic branding. When a country or a large company pumps billions of dollars into major sports events or tournaments to divert the world’s attention away from their controversial image, human rights violation allegations, or political criticism, it is referred to as ‘sportswashing’ in international circles. And according to human rights organizations, Saudi Arabia is currently the biggest example of this strategy.
However, to understand this matter, one has to look back a little. In 2017, Crown Prince Mohammed bin Salman, abbreviated as MBS, came to the center of power. A massive plan named “Vision 2030” came along under his leadership. The primary goal of this plan is to diversify the Saudi economy away from its dependence on oil and to transform the country into a global hub for entertainment, tourism, and business. And sports occupy a large part of this plan. This is because sports possess an extraordinary power; they can easily win people’s hearts much faster than politics or economics.
To implement this plan, Saudi Arabia began entering the world of sports one after another through their massive state fund, the Public Investment Fund or PIF. In 2021, they bought the famous English football club ‘Newcastle United’, hosted ‘Formula One’ racing in their own country, and at the end of 2022, captured the entire world’s attention by bringing Cristiano Ronaldo to the Saudi Pro League. Not just football, they have also drawn the world’s top players to their own tournaments in the world of golf by offering massive financial contracts. Following this path, in 2020, Aramco signed a 10-year sponsorship deal worth nearly 450 million dollars with Formula One. After that, they also associated themselves with ICC cricket, the main target of which is to capture the massive market of South Asia, including India. However, they delivered the biggest blast in 2024 when FIFA announced that Aramco was going to be their global partner. The financial value of this 4-year deal for the 2026 men’s World Cup and the 2027 women’s World Cup is approximately 400 million dollars! A BBC report states that Aramco is the single largest investor in sports among energy companies, having spent over 1 billion dollars so far.
Yet, the institutional equation behind this is more fascinating than the monetary figures. Aramco’s chairman, Yasir Al-Rumayyan, simultaneously serves as the head of Saudi Golf, the state Investment Fund (PIF), and Newcastle United football club! This is essentially a long-term business game plan, designed so that Saudi Arabia can maintain its global dominance and brand relevance even in this era of global economic and energy transition, and build diplomatic and commercial relations with world leaders and billionaires on the World Cup stage. Of course, this massive transformation has also generated some controversies worldwide. Many female football players around the world have joined together to write a letter to FIFA, expressing their objections to this sponsorship. Human rights and environmental organizations are also arguing that while this fossil fuel is largely responsible for the hardship or health risks that players face on the field in extreme heat, FIFA is taking money from them.
However, we must also look at the flip side of the coin. No matter what disagreements or controversies exist in the international arena regarding this global partnership, the calculation from FIFA’s perspective is very straightforward. The World Cup is now becoming much larger than before. The number of teams is increasing, and matches are increasing. A massive amount of money is required to host such a grand event! And that money is being supplied by big sponsors like Aramco. In simple terms, FIFA needs a huge budget to run the tournament, and Aramco’s goal is to make their global image more progressive and modern through sports. From a commercial standpoint, it is a win-win situation for both parties. But where this massive influx of capital will take the core principles and aesthetics of the sporting world in the long run remains to be seen. Therefore, the next time you sit down to watch a match on TV and this company’s name catches your eye around the field, perhaps a new thought will rise in your mind as well. This is not just a battle among the 22 players on the field, but rather, it is wrapped in a masterful and fascinating epic of global politics, diplomacy, and economics that began from an oil mine thousands of miles away.
Thank you everyone. Stay healthy, stay well.


